সিপিএন ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৫, ৮:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯৯ জন

আলবেনিয়ার দুর্নীতি দমন করবে এআই মন্ত্রী!

আলবেনিয়ার দুর্নীতি দমনে এআই চালিত মন্ত্রী ডিয়েলা। ছবি: ই-আলবেনিয়া

বিশ্বকে তাক লাগিয়ে ঘোষণাটা আসে গত শুক্রবার। দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা জানান, তার দেশের দুর্নীতি দমন করতে একজন বিশেষ মন্ত্রী নিয়োগ দিয়েছে। তিনি রক্ত মাংসের কেউ নন। এই মন্ত্রীকে বানানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে।

বৃটিশ-আমেরিকান চলচ্চিত্র নির্মাতা ক্রিস্টোফার নোলানের সিনেমায় এআইয়ের ভবিষ্যৎ নিয়ে নানা ইঙ্গিত দেওয়া হয়েছে। মানুষ্য সমাজে এআইয়ের সম্ভাব্য উত্থান দেখানো হয়েছে। গবেষকরাও নানাভাবে ইঙ্গিত দিয়েছেন। তবে বলকান অঞ্চলের দেশ আলবেনিয়া বাস্তবতায় রীতিমতো অবাক করে দিলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে ।

দুর্নীতি দমনে এই মন্ত্রীর নাম ডিয়েলা। আলবেনিয়ান ভাষায় যেটির অর্থ সূর্য। বিষয়টি ঘোষণার সময় প্রধানমন্ত্রী এডি রামা বলেছেন, ডিয়েলা দুর্নীতি দমনে কাজ করবে। এটি দরপত্রের মতো বিষয়গুলোকে শতভাগ দুর্নীতিমুক্ত করবে।

আরও পড়ুন:

ডিয়েলা শুধু আলবেনিয়ায় নয়, সমগ্র বিশ্বের সরকার ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা নিয়ে নতুন বিতর্ক উসকে দিয়েছে। ডিয়েলা কি সত্যিই দুর্নীতি দমনের ‘সূর্য’ হয়ে উঠতে পারবে, নাকি এটি শুধু একটি প্রতীকী পদক্ষেপ। এ ছাড়া, আলবেনিয়ার মতো দেশে এমন পদক্ষেপের প্রয়োজনই বা কেন হলো?

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০১২ সাল থেকেই আলবেনিয়ায় দুর্নীতির গ্রাফ ওঠানামা করছে। বিশ্বে দুর্নীতির র‌্যাংকিংয়ে ২০২৪ সালে দেশটির অবস্থান ছিল ৮০তম। একটি সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে গত বছরের অক্টোবরে ইউরো নিউজ জানায়, পশ্চিম বলকান অঞ্চলের দেশগুলোর মধ্যে ঘুষ ও দুর্নীতির হার সবচেয়ে বেশি আলবেনিয়ায়। ঘুষ লেনদেনের হার ৪০ শতাংশ। দেশটির সরকারি কর্মকর্তারা ৫২ শতাংশ কাজের ক্ষেত্রেই নাগরিকদের কাছে ঘুষ দাবি করেন। প্রায় ২৭ লাখ জনসংখ্যার দেশটির ৮০ শতাংশ নাগরিকই ২০২৩-২৪ সালে ঘুষ দিতে বা নিতে প্রলুব্ধ হয়েছেন।

আলবেনিয়া ২০৩০ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের স্বপ্ন দেখছে। কিন্তু দুর্নীতির সূচকে তাদের অবস্থান এ পথের অন্যতম বাধা। আল জাজিরা বলছে, এ কারণেই এডি রামার সরকার আলবেনিয়ায় দুর্নীতি কমানোর উদ্যোগ নিয়েছে। চলতি বছরই চতুর্থ মেয়াদে ক্ষমতায় বসেছে রামার সমাজতান্ত্রিক দল। রামা প্রতিশ্রুতি দিয়েছেন আগামী পাঁচ বছরের মধ্যে দেশকে ইইউ এর সদস্য হওয়ার উপযোগী করবেন।

এআই মন্ত্রী যেভাবে কাজ করবে
আলবেনিয়ায় যেসব খাত বেশি দুর্নীতিগ্রস্ত সেগুলোর মধ্যে আছে সরকারি ক্রয় ব্যবস্থা। গত মে মাসে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার সময় এডি রামা বলেছিলেন, এ খাতের দুর্নীতি কমাতে তারা আর মানুষের ওপর নির্ভর করবেন না।

তখনই ডিয়েলা সম্পর্কে ধারণা দেন রামা। জানান, ই-আলবেনিয়া নামের প্ল্যাটফর্মে ডিয়েলা গত জানুয়ারি থেকে কাজ করছে। এই প্ল্যাটফর্মে পাসপোর্ট, ট্যাক্স ফাইলিংয়ের মতো সরকারি সেবা দেওয়া হয়। ডিয়েলার কাজের প্রক্রিয়া মূলত অ্যালগরিদমের ওপর ভিত্তি করে। যেটি মেশিন লার্নিং এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (এনএলপি) ব্যবহার করে।

ধাপে ধাপে দেখলে: প্রথমে, সরকারি দরপত্রগুলো ডিয়েলার সিস্টেমে আপলোড হবে। এটি প্রতিযোগী দরদাতা বা বিডারদের আর্থিক ও আগের কাজের নথি স্ক্যান করবে। এই প্রক্রিয়ায় দুর্নীতির ঝুঁকি শনাক্ত করা হবে।

ডিয়েলার সিস্টেমে আন্তর্জাতিক (যেমন ইইউ এর ক্রয় সংক্রান্ত নিয়ম) ও আলবেনিয়ার দুর্নীতি দমন সংক্রান্ত আইনের তথ্য থাকবে। দরদাতাদের তথ্য স্ক্যান করার সময় তা ওই নিয়মগুলোর সঙ্গে মেলানো হবে। কোনো কোম্পানির বিড যদি অস্বাভাবিকভাবে কম হয় বা আগের দরপত্রে অসঙ্গতি দেখা যায়, তাহলে ডিয়েলা ওই দরদাতার নামের পাশে সতর্কতার সংকেত দেবে।

সাধারণত দরপত্রের প্রক্রিয়া একজন মানুষের সম্পন্ন করতে ৪ থেকে ৫ সপ্তাহ লাগে। তবে ডিয়েলার ক্ষেত্রে বলা হচ্ছে, এটি ৪৮ ঘণ্টার মধ্যে কাজ শেষ করতে পারবে।
চলতি মাস থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত ডিয়েলাকে দিয়ে ১০০টিরও বেশি দরপত্র নিষ্পত্তি করা হবে। আলবেনিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, ডিয়েলা মানুষের মতো চাপে পড়বে না বা লবিংয়ের শিকার হবে না। এটি নিরপেক্ষভাবে কাজ করবে।

ডিয়েলার বিষয়ে বলা হচ্ছে, পক্ষপাতিত্ব এড়িয়ে আইন অনুযায়ী স্বচ্ছ সিদ্ধান্ত নেবে। যা আলবেনিয়ার দুর্নীতি কমানোর পাশাপাশি সময় ও খরচ কমাবে। তবে এটি নিয়ে সাংবিধানিক বিতর্ক তৈরি হয়েছে।

আলবেনিয়ার সংবিধান অনুযায়ী, মন্ত্রী হতে হলে কাউকে মানসিকভাবে সক্ষম হতে হবে। বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির নেতারা বিবিসিকে বলেছেন, এটি সংবিধানবিরোধী। মন্ত্রী হিসেবে এআইয়ের কোনো মানসিক সক্ষমতা নেই। আদালতে বিষয়টি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

কৃত্রিম বুদ্ধিমত্তাগুলো এখনো পুরোপুরি নির্ভুল তথ্য দেয় না। সে বিবেচনায় ডিয়েলা যদি অ্যালগরিদমের ওপর ভিত্তি করে কাজ করে তাহলে ওই অ্যালগরিদম যে পক্ষপাতমূলক হবে না- তা নিয়ে সন্দেহ থেকেই যায়। এ ছাড়া, হ্যাকিংয়ের মাধ্যমে ডিয়েলার দরদাতা নির্বাচনের প্রক্রিয়াও প্রভাবিত হওয়ার শঙ্কা আছে।

এআই দরদাতা বাছাই করলেও চূড়ান্ত সিদ্ধান্ত কোন না কোন মানুষই দেবে। সুতরাং ওই ব্যক্তি কে হবেন সে প্রশ্ন তৈরি হয়েছে। ওই ব্যক্তিকে ঘিরেও তো দুর্নীতির নতুন উপায় বের হতে পারে। আবার ডিয়েলাকে প্রশিক্ষণের কাজে যারা থাকবেন তাদেরও পক্ষপাতমূলক প্রোগ্রামিংয়ের ঝুঁকি আছে। তবে সবচেয়ে বড় ঝুঁকিতে আছেন, সরকারি ক্রয় সংক্রান্ত কাজের দায়িত্বে থাকা কর্মচারীরা। তাদের চাকরি কিংবা বিকল্প দায়িত্ব কী হবে সেটি এখনো স্পষ্ট নয়।

আলবেনিয়ার এই উদ্যোগ বিশ্বে এআই গভর্নেন্সে একটি মাইলফলক। এটি সফল হলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো দুর্নীতি মোকাবিলায় মডেলটি অনুসরণ করতে পারে। ডিয়েলা যদি প্রাথমিক ধাপে ৮০ শতাংশ সফল হয় তাহলে ২০২৬ সালে এর পুরোপুরি ব্যবহারের ঘোষণা দিয়েছে আলবেনিয়ার সরকার। তাই ডিয়েলা দুর্নীতি কমাবে, নাকি নতুন জটিলতা তৈরি করবে তা বুঝতে অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১০

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১১

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১২

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৩

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৪

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৬

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৭

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

১৮

যুক্তরাষ্ট্র–সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

১৯

পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০