
দক্ষিণ ভারতের উচ্চ বাজেটের অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘কেডি: দ্য ডেভিল’ এর একটি নতুন গান প্রকাশের পর ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। ‘সারকে চুনার’ শিরোনামের এই গানে পারফর্ম করেছেন নোরা ফাতেহি ও সঞ্জয় দত্ত । গানটি মুক্তির পরপরই এর ভাষা, উপস্থাপনা এবং নৃত্যশৈলী নিয়ে দর্শকদের একাংশ তীব্র সমালোচনা করেন। অনেকেই একে ‘অশালীন’ ও ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ বলে আখ্যা দেন।
বিতর্কের জেরে গানটি পরবর্তীতে ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে ভারতের জাতীয় নারী কমিশন (এনসিডব্লিউ) এবং স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ নেয়। এক শুনানিতে কমিশন স্পষ্ট জানায়, সৃজনশীলতার নামে নারীর মর্যাদা ক্ষুণ্ণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
যৌন ইঙ্গিতপূর্ণ নৃত্যশৈলী উপস্থাপনা বিতর্কে নোরা ফাতেহি
শুনানিতে চলচ্চিত্রের পরিচালক প্রেম, গীতিকার রাকিব আলম এবং প্রযোজনা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে নোরা ফাতেহি নিজে উপস্থিত না থাকায় কমিশন অসন্তোষ প্রকাশ করে। তাঁর পক্ষে আইনজীবী উপস্থিত থাকলেও তা গ্রহণ করা হয়নি। ফলে নোরাকে সরাসরি হাজির হওয়ার জন্য আগামী ২৭ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। একই সঙ্গে সঞ্জয় দত্তকেও নির্ধারিত দিনে কমিশনের সামনে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
কমিশনের চেয়ারম্যান শুনানিতে বলেন, বিনোদনের আড়ালে নারীর প্রতি অসম্মান দেখানো হলে তা সহ্য করা হবে না। এদিকে নির্মাতা পক্ষ লিখিতভাবে ক্ষমা চেয়ে স্বীকার করেছে যে গানটি সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
মন্তব্য করুন