
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চিফ কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে ১৫ বছরের সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছে, যা কার্যকর হবে নভেম্বর মাস থেকে। গামিনি ২০১০ সাল থেকে বিসিবির প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ২০২৫ সালের জুলাইয়ে এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছিলেন।
তবে বিসিবি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, তারা চুক্তির শর্ত অনুযায়ী ক্ষতিপূরণ দিয়ে গামিনির সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে। বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘তার (গামিনি) চুক্তি অনুযায়ী, যদি মেয়াদ শেষ হওয়ার আগে সম্পর্ক শেষ করতে চাই, তবে দুই মাসের বেতন দিতে হবে। আমরা সেই পরিমাণ অর্থ পরিশোধ করে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।’
আরও পড়ুন:
সম্প্রতি গামিনিকে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়াম থেকে বদলি করে রাজশাহীতে পাঠানো হয়। এই পদক্ষেপের পর থেকেই বিসিবির সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে। সূত্র জানায়, অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিংসের বিসিবিতে প্রত্যাবর্তনের পর থেকেই গামিনির সঙ্গে বোর্ডের টানাপোড়েন শুরু হয়। জানা গেছে, হেমিংস বিসিবি ছাড়েন কারণ গামিনি পিচ-সংক্রান্ত বিষয়ে তার প্রভাব মেনে নিতে চাননি।
গামিনি দীর্ঘদিন ধরেই ধীর ও নিচু বাউন্সের উইকেট তৈরির কারণে সমালোচিত ছিলেন, বিশেষ করে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে। তিনি বিসিবির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় একক ভেন্যুতে দায়িত্ব পালন করা একমাত্র কিউরেটর, যা এখন বোর্ডের ভেতরেও পর্যালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
মন্তব্য করুন