
২০ বছর আগে নেত্রকোণায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে বোমা হামলায় নিহতদের নানা আয়োজনে স্মরণ করা হয়েছে। ৮ ডিসেম্বর দিনটিকে নেত্রকোণা ট্র্যাজেডি দিবস হিসেবে পালন করা হয়।
সোমবার জেলা উদীচী ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল- শহীদ স্মৃতি বেদিতে পুস্পস্তবক অর্পণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, এক মিনিট শহর স্তব্ধ কর্মসূচি, শহীদদের কবর জিয়ারত, শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, সন্ত্রাস ও মৌলবাদবিরোধী গণসমাবেশ।
সকালে শহরের অজহর রোডে উদীচীর জেলা কার্যালয়ের সামনে কালো পতাকা উত্তোলন ও নিহতদের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এতে নেত্রকোণা জেলা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, সকালে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনসহ সব কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন।
বিকালে শহীদ মিনার চত্বরে সন্ত্রাস ও মৌলবাদবিরোধী সমাবেশ হবে বলে জানান মোস্তাফিজুর রহমান।
২০০৫ সালের এদিন শহরের অজহর রোডে জেলা উদীচী কার্যালয়ের সামনে জেএমবির আত্মঘাতী বোমা হামলায় উদীচীর শিল্পীসহ আটজন নিহত হন। এতে আহত হন অন্তত ৫০ জন।
পরবর্তীতে এ ঘটনায় করা মামলায় জেএমবির শীর্ষ সাত সদস্যের ফাঁসি এবং বাংলা ভাইয়ের স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড হয়।
No tags found for this post.
মন্তব্য করুন