
বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ ও অসন্তোষের প্রেক্ষিতে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা রক্ষণাবেক্ষণ চার্জ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
এনসিপিতে ভাঙন: জামায়াত ইস্যুতে বাড়ছে পদত্যাগ
মন্ত্রী বলেন, প্রিপেইড মিটারে অতিরিক্ত চার্জ আদায় নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল। দায়িত্ব গ্রহণের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়েছে। গ্রাহকদের স্বার্থ বিবেচনায় নিয়ে এবং বিদ্যুৎ সেবাকে আরও জনবান্ধব করতে এই চার্জ পুরোপুরি প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীরা প্রতি মাসে রিচার্জের সময় নির্দিষ্ট পরিমাণ অর্থ ‘মিটার ভাড়া’ বা রক্ষণাবেক্ষণ বাবদ পরিশোধ করে আসছেন। এই অর্থ নিয়মিত কেটে নেওয়ায় অনেক গ্রাহক আপত্তি জানিয়ে আসছিলেন। তাদের অভিযোগ, মিটারের প্রকৃত মূল্য বহু আগেই উঠে গেলেও কেন অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে, তার যথাযথ ব্যাখ্যা ছিল না।
বিদ্যুৎ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, অতীতে মিটার ক্রয়ে অস্বচ্ছতা ও অতিরিক্ত ব্যয়ের কারণে যে আর্থিক চাপ তৈরি হয়েছিল, তা গ্রাহকদের ওপর চাপানো হয়েছিল। নতুন সিদ্ধান্তের মাধ্যমে সেই চাপ কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
সরকারের এই পদক্ষেপ বাস্তবায়িত হলে প্রিপেইড মিটার ব্যবহারকারীরা সরাসরি আর্থিক সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন