
ইতিহাস অনেক প্রভাবশালী নেতার সাক্ষী দেয়, যাদেরকে জনসাধারণের বিক্ষোভ, সামরিক অভ্যুত্থান বা গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে দিতে হয়েছিল এবং শেষ পর্যন্ত নির্বাসনে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। কেউ জীবন বাঁচাতে, কেউ কারাদণ্ড বা মৃত্যুদণ্ড এড়াতে। এই তালিকায় সর্বশেষ যোগদানকারী হলেন মাদাগাস্কারের রাষ্ট্রপতি আন্দ্রে রাজোয়েলিনা। যুবদের নেতৃত্বে কয়েক সপ্তাহের বিক্ষোভের পর, সম্প্রতি তাকে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করা হয়েছিল।
চলুন জেনে নেওয়া যাক এমন কিছু বিশ্বনেতা সম্পর্কে যারা একই পরিণতির মুখোমুখি হয়েছিলেন –
শেখ হাসিনা
২০২৪ সালের আগস্টে, ছাত্র বিক্ষোভের মুখে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন এবং ভারতে পালিয়ে যান। জাতিসংঘের মানবাধিকার অফিসের মতে, সেই সময়ে দমন-পীড়নে কমপক্ষে ১,৪০০ জন নিহত হন।
বাশার আল-আসাদ
২০২৪ সালে, বিদ্রোহীদের চাপে তৎকালীন সিরিয়ার রাষ্ট্রপতি বাশার আল-আসাদ রাশিয়ায় পালিয়ে যান। এর ফলে তার পরিবারের ৫১ বছরের শাসনের অবসান ঘটে।
গোতাবায়া রাজাপক্ষে
শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে দেশের তীব্র অর্থনৈতিক সংকট এবং গণবিক্ষোভের মুখে ২০২২ সালের জুলাই মাসে মালদ্বীপে পালিয়ে যান। কয়েকদিন পরে, তিনি, তার ভাই, প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে এবং অন্যান্য আত্মীয়দের সাথে পদত্যাগ করেন। খাদ্য, জ্বালানি এবং বৈদেশিক মুদ্রার ঘাটতি ও শাসনের বিরুদ্ধে জনসাধারণের ক্ষোভের জন্ম দেয়।
ভিক্টর ইয়ানুকোভিচ
২০১৪ সালের ফেব্রুয়ারিতে কিয়েভে সহিংস বিক্ষোভের পর ইউক্রেনের রাষ্ট্রপতি ভিক্টর ইয়ানুকোভিচ রাশিয়ায় পালিয়ে যান। ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি বাণিজ্য চুক্তি বাতিল করার এবং রাশিয়া থেকে ১৫ বিলিয়ন ডলার ঋণ নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। পরে সংসদ তাকে অভিশংসন করে এবং একটি পরোয়ানা জারি করে। রাশিয়ান সেনারা তাকে ক্রিমিয়া হয়ে পালাতে সাহায্য করেছে বলে মনে করা হচ্ছে।
মুয়াম্মার গাদ্দাফি
২০১১ সালের আরব বসন্তে লিবিয়ার দীর্ঘকালীন শাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করা হয়। রাজধানী ত্রিপোলি বিদ্রোহীদের হাতে পড়লে তিনি তার নিজ শহর সির্তে পালিয়ে যান এবং কিছু সময়ের জন্য আত্মগোপনে থাকেন। ২০১১ সালের ২০ অক্টোবর ন্যাটোর বিমান হামলায় তার গাড়িবহর ক্ষতিগ্রস্ত হয়, যেখানে তিনি নিহত হন। পরে তার মৃতদেহ জনসমক্ষে প্রদর্শনের জন্য রাখা হয় এবং মরুভূমির একটি অজ্ঞাত স্থানে সমাহিত করা হয়।
মার্ক রাভালোমানানা
২০০৯ সালে তৎকালীন মেয়র আন্দ্রে রাজোয়েলিনার নেতৃত্বে এক অভ্যুত্থানে মাদাগাস্কারের ষষ্ঠ রাষ্ট্রপতি মার্ক রাভালোমানানাকে ক্ষমতাচ্যুত করা হয়। রাভালোমানানা দক্ষিণ আফ্রিকায় পালিয়ে যান এবং অনুপস্থিতিতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পাঁচ বছর নির্বাসনের পর, তিনি ২০১৫ সালে তার স্বদেশে ফিরে আসেন এবং গৃহবন্দীত্ব থেকে মুক্তি পান।
জিন-বার্ট্রান্ড অ্যারিস্টাইড
হাইতির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি, জিন-বার্ট্রান্ড অ্যারিস্টাইডকে দুবার দেশ ছেড়ে পালাতে বাধ্য করা হয়েছিল। প্রথমবার ১৯৯১ সালে, যখন সামরিক অসন্তোষের কারণে মাত্র ছয় মাস পর তাকে ক্ষমতাচ্যুত করা হয়। তিনি ১৯৯৪ সালে মার্কিন সমর্থনে ফিরে আসেন। ২০০০ সালে তিনি পুনরায় নির্বাচিত হন, কিন্তু ২০০৪ সালে বিদ্রোহের মুখে মার্কিন সমর্থনে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে পালিয়ে যান এবং পরে দক্ষিণ আফ্রিকায় আশ্রয় নেন। ২০১১ সালে তিনি হাইতিতে ফিরে আসেন।
অ্যান্ড্রি রাজোয়েলিনা
২০০৯ সালে গণবিক্ষোভে তৎকালীন প্রেসিডেন্ট মার্ক রাভালোমানানাকে পদত্যাগে বাধ্য হলে ক্ষমতায় বসেন রাজোয়েলিনা। তখন তার বয়স ছিল মাত্র ৩৪ বছর। পানি ও বিদ্যুতের ঘাটতির কারণে সম্প্রতি দেশে বিক্ষোভ শুরু হয়েছিল। কিন্তু পরে বেকারত্ব, দুর্নীতি এবং ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির কারণে তা সরকারবিরোধী বিক্ষোভে পরিণত হয়। এক পর্যায়ে, সামরিক বাহিনী তার প্রতি সমর্থন প্রত্যাহার করে নেয়। অবশেষে তাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করা হয়।
মন্তব্য করুন