
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তাঁর জন্মস্থান মৌলভীবাজারের কুলাউড়ায় অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় অংশ নিয়ে দেশের ভবিষ্যৎ নিয়ে নিজের ভাবনা ও রূপরেখা তুলে ধরেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে কুলাউড়া নবীনচন্দ্র (এনসি) উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় নির্বাচনী জোটের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা এই বাংলাদেশ চাই না—যেখানে চাঁদাবাজে অতিষ্ঠ দেশ। যেখানে আমার মায়ের ইজ্জত নেই, যেখানে দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ। যেখানে নিরীহ মানুষকে হয়রানি করা হয়। এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয়। এই বাংলাদেশকে তাড়িয়ে দিতে চাই। মনে করতে পারেন তাহলে কেমন বাংলাদেশ হবে? বলতে চাই এই বাংলাদেশই থাকবে, মানচিত্র ঠিক থাকবে শুধু চেহারা পাল্টে দিতে চাই।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, তিনি এমন একটি বাংলাদেশ চান না যেখানে চাঁদাবাজি, দুর্নীতি ও হয়রানি নিত্যদিনের বাস্তবতা। যেখানে নারীরা নিরাপত্তাহীনতায় ভোগে এবং সাধারণ মানুষ সম্মান নিয়ে বাঁচতে পারে না—সে বাংলাদেশ তাঁর কাম্য নয়। তবে দেশের মানচিত্র অপরিবর্তিত রেখে রাষ্ট্রের চরিত্র ও শাসনব্যবস্থার ইতিবাচক রূপান্তরের কথা তুলে ধরেন তিনি।
চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র ও সাধারণ মানুষের আত্মত্যাগের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে জামায়াত আমির বলেন, আজকের বাংলাদেশ সেই ত্যাগের ঋণ বহন করছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, তরুণ প্রজন্মের নেতৃত্বেই দেশ আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার আসনে পৌঁছাবে।
চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার দায়িত্ব বাগান মালিকদের নয়—রাষ্ট্রকেই নিতে হবে। তিনি এমন একটি সমাজব্যবস্থার কথা বলেন, যেখানে একজন চা শ্রমিকের সন্তান যোগ্যতার ভিত্তিতে দেশের সর্বোচ্চ নেতৃত্বের স্বপ্ন দেখতে পারবে।
নির্বাচনী প্রসঙ্গে তিনি জানান, অনেকে তাঁকে ঢাকা কিংবা কুলাউড়া থেকে নির্বাচন করার অনুরোধ জানালেও তিনি ১১ দলীয় জোটের প্রার্থীকে কুলাউড়া আসন থেকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান। তাঁর মতে, এই আসনের ফলাফল আগামীর রাজনৈতিক পথরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন