
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ সদর উপজেলার বগাদিয়া গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় একজন নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকাল প্রায় ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার তালতলা পশ্চিম বগাদিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো. রুবেল (৩২)-এর সঙ্গে প্রতিবেশী আব্দুর রহিমের ছেলে সুমন মিয়া এবং মৃত লাল মিয়ার ছেলে দুলাল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি কেনাবেচা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার সকালে তাদের মধ্যে কথাকাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়।
একপর্যায়ে রুবেল ধারালো অস্ত্র দিয়ে সুমন ও দুলালকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সুমন মিয়ার মৃত্যু হয়। আহত দুলাল মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সেখান থেকে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করেন।
কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূইয়া জানান, প্রাথমিক তদন্তে এটি দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের ফল বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।
মন্তব্য করুন