
মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে। ইরানের গুরুত্বপূর্ণ ‘সাউথ পার্স’ গ্যাসক্ষেত্রে সাম্প্রতিক হামলার পর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প জানিয়েছেন, ইসরাইল ভবিষ্যতে এই গ্যাসক্ষেত্রে আর কোনো হামলা চালাবে না, যদি না ইরান কাতারের ওপর নতুন করে আক্রমণ চালায়। তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ কথা বলেন।
ট্রাম্প দাবি করেন, সাউথ পার্সে ইসরাইলের আগের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বা কাতার আগে থেকে কিছু জানত না। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমওয়াল স্ট্রিট জার্নাল এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সমন্বয়ের বিষয়টি নিয়ে ভিন্নমত ও বিতর্ক রয়েছে।
অন্যদিকে, কাতারের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান কাতার এনার্জির জানিয়েছে, তাদের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস স্থাপনাগুলোর কয়েকটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে অগ্নিকাণ্ডের পাশাপাশি উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাস লাফান শিল্প এলাকায় এই হামলা লক্ষ্য করে চালানো হয়েছিল।
ইরান এ ঘটনার প্রতিক্রিয়ায় কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে। দেশটি জানিয়েছে, তাদের জ্বালানি স্থাপনায় যেকোনো হামলার জবাবে তারা প্রতিপক্ষের সংশ্লিষ্ট স্থাপনায় আরও বড় ধরনের পাল্টা আঘাত হানবে।
উল্লেখ্য, ‘সাউথ পার্স’ গ্যাসক্ষেত্রটি ইরান ও কাতারের যৌথ মালিকানাধীন এবং এটি বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র হিসেবে পরিচিত। এটি ইরানের জ্বালানি খাতের প্রধান উৎসগুলোর একটি।
মন্তব্য করুন