
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ পেট্রোল বোমা ও তাজা ককটেল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ১১টা ৪৫ মিনিটে ছোট বনগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১২টি পেট্রোল বোমা এবং ১৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে র্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-৫ এর একটি আভিযানিক দল ছোট বনগ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় বিপুল সংখ্যক বিস্ফোরকসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতসমূহ উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন