বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হতাশাজনক ড্রয়ের পর প্রথম জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে পর্তুগাল। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১১টায় যুক্তরাষ্ট্রের হিউস্টনে ‘কে’ গ্রুপের ম্যাচে তাদের প্রতিপক্ষ আসরের নবাগত দল উজবেকিস্তান।
চলমান বিশ্বমঞ্চে এটি দুই দলেরই দ্বিতীয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল পর্তুগালকে। অন্যদিকে, নিজেদের বিশ্বকাপ অভিষেকে কলম্বিয়ার কাছে ৩-১ ব্যবধানে হেরে ব্যাকফুটে রয়েছে উজবেকিস্তান। নকআউট পর্বের রেসে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই কোনো দলের সামনেই।
গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে দুই দলের শক্তিমত্তা ও সাম্প্রতিক পারফরম্যান্সের কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান দেখে নেওয়া যাক:
রোনালদোর ফর্মহীনতা ও পর্তুগালের উদ্বেগ।পর্তুগালের সবচেয়ে বড় চিন্তার কারণ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর অফ-ফর্ম। বড় টুর্নামেন্টগুলোতে সাম্প্রতিক সময়ে পর্তুগিজ মহাতারকার সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। আন্তর্জাতিক বড় আসরে নিজের শেষ ১০ ম্যাচে কোনো গোল পাননি তিনি। এই ম্যাচগুলোতে ৩৩টি শট নিয়েও মাত্র ১১টি লক্ষ্যে রাখতে পেরেছেন সিআরসেভেন। আরও উদ্বেগের বিষয় হলো, পেনাল্টি বাদে বড় টুর্নামেন্টে টানা ১৩ ম্যাচ ধরে গোলহীন রয়েছেন এই ফরোয়ার্ড। আজ পর্তুগালকে জিততে হলে রোনালদোকে ফর্মে ফিরতেই হবে।
মুখোমুখি লড়াই ও এশীয় জুজু।আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে এবারই প্রথম একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে পর্তুগাল ও উজবেকিস্তান। তবে সাম্প্রতিক সময়ে এশিয়ান দলগুলোর বিপক্ষে পর্তুগালের রেকর্ড খুব একটা সুখকর নয়। ২০১৮ বিশ্বকাপে ইরানের বিপক্ষে ড্র করার পর, ২০২২ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে বসেছিল ইউরোপের এই পরাশক্তিরা। ফলে নবাগত হলেও উজবেকিস্তানকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই পর্তুগিজদের।
ইউরোপীয় বাধা ও উজবেক পরিসংখ্যান।পর্তুগালের জন্য এশিয়ান জুজু যেমন চিন্তার, তেমনি উজবেকিস্তানের জন্যও বড় বাধা ইউরোপীয় শক্তি। উয়েফা (UEFA) ভুক্ত দেশগুলোর বিপক্ষে উজবেকিস্তানের অতীত রেকর্ড মোটেও অনুকূলে নয়। ইউরোপের দলগুলোর বিপক্ষে খেলা নিজেদের শেষ ২৩ ম্যাচের মধ্যে মাত্র ১টিতে জয় পেয়েছে এশিয়ার এই প্রতিনিধিরা। বাকি ২২ ম্যাচের মধ্যে ১০টিতে ড্র এবং ১২টিতেই হারের মুখ দেখতে হয়েছে তাদের।
একমাত্র জয়: ইউরোপীয় দলের বিপক্ষে উজবেকিস্তানের সেই একমাত্র জয়টি এসেছিল ২০২২ সালের নভেম্বরে। একটি প্রীতি ম্যাচে কাজাখস্তানকে ২-০ ব্যবধানে হারিয়েছিল তারা।
কাগজে-কলমে এবং শক্তিতে পর্তুগাল অনেক এগিয়ে থাকলেও, সাম্প্রতিক পরিসংখ্যান ও প্রথম ম্যাচের চাপ সমীকরণ কিছুটা জটিল করে তুলেছে। হিউস্টনের মাঠে আজ রোনালদো-বাহিনী ঘুরে দাঁড়াতে পারে, নাকি উজবেকিস্তান নতুন কোনো রূপকথা লেখে—তা দেখার অপেক্ষায় ফুটবলবিশ্ব।
মন্তব্য করুন