
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ (নিকলী–বাজিতপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হওয়া শেখ মুজিবুর রহমান ইকবাল নিজ নির্বাচনী এলাকায় এসে সমর্থকদের উচ্ছ্বাসের মুখে পড়েছেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ‘হাস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়লাভ করেন। এর আগে তিনি কেন্দ্রীয় বিএনপির সদস্য, কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দলীয় মনোনয়ন প্রত্যাশা করলেও বিএনপি থেকে কিশোরগঞ্জ-৫ আসনে মনোনয়ন দেওয়া হয় ১২ দলীয় জোটের সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদাকে।
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়। এরপর তিনি নির্বাচনে অংশগ্রহণ করে বিজয় অর্জন করেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বাজিতপুরে পৌঁছালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে স্বাগত জানান। স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। সমর্থকদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা শেখ মুজিবুর রহমান ইকবালের কাছে বাজিতপুর-নিকলী এলাকার সার্বিক উন্নয়ন প্রত্যাশা করছেন।
নিজ প্রতিক্রিয়ায় শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন,
“আমাকে জনগণ নির্বাচিত করেছে। তাই আমি আবারও জনগণের মাঝে ফিরে এসেছি এবং আমৃত্যু তাদের পাশেই থাকতে চাই।”
এদিকে বাজিতপুরের কয়েকজন বাসিন্দা বলেন, “ইকবাল আমাদেরই সন্তান। আমরা চাই তিনি আমাদের মধ্যেই থাকুন এবং এলাকার উন্নয়নে কাজ করুন।
মন্তব্য করুন